চাঁপাইনবাবগঞ্জে করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ
শিবগঞ্জ( চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০০:১৯ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ০০:২১
চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে প্রথম ধাপে ৪ উপজেলার ৭ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। রোববার সকালে সন্দেহভাজনদের নমুনাগুলো সংগ্রহ করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংগৃহীত নমুনাগুলো করোনা শনাক্তকরণের জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।
জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, দেশের করোনা পরিস্থিতি নির্ধারন করতে সারা দেশে করোনাভাইরাস শনাক্তকরণের উদ্যোগ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য বিভাগ বিভিন্ন স্থানে গিয়ে নমুনা সংগ্রহ করছে। এজন্য প্রথমে যেসব বাড়িতে লালপতাকা বা হোম কোয়ারেন্টাইন লেখা রয়েছে এবং যাদের মধ্যে করোনার উপসর্গগুলো রয়েছে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরে ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, রোববার বেলা ১১ টা পর্যন্ত ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।প র্যায়ক্রমে সন্দেহভাজন সকলের নমুনা সংগ্রহ করা হবে।
তিনি জানান, দ্বিতীয় ধাপে জেলার শিবগঞ্জ উপজেলার ৫ জনের নমুনা সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, করোনার কারণে এখন পর্যন্ত ওই এলাকায় কোন বাড়ি লকডাউন করা হয়নি।
