ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে টাস্কফোর্সের অভিযানে দেড় কোটি টাকার হেরোইন জব্দ

চট্টগ্রামে টাস্কফোর্সের অভিযানে দেড় কোটি টাকার হেরোইন জব্দ
×

বাসে টাস্কফোর্সের অভিযান চলাকালে। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৮:৫১ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১৮:৫১

চট্টগ্রাম নগরের এ কে খান এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার হেরোইন জব্দ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ কে খান এলাকায় মহাসড়কে শ্যামলী সার্ভিসের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ গঠিত টাস্কফোর্স সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে এ কে খান এলাকায় বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ গঠিত টাস্কফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় এ কে খান এলাকায় মহাসড়কে শ্যামলী সার্ভিসের একটি বাসে অভিযান চালিয়ে প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশী করার পরে একটি ব্যাগ থেকে আট প্যাকেট হিরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। তবে উদ্ধারকৃত ব্যাগের মালিককে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, গাড়ির ড্রাইভার এবং কর্মীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়ার জন্য বাস থেকে জব্দকৃত হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে টাস্কফোর্সের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির মেজর আমিরুল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পরিচালক (প্রশাসন) এস আই সানাউল্লাহ এবং এস আই জাহেদুল ইসলাম। পুলিশের উপপরিদর্শক মো. সায়েমসহ বিজিবি ও পুলিশের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×