গোবিন্দগঞ্জে সর্দি-জ্বরে আক্রান্ত সেই বৃদ্ধের মৃত্যু
সর্দি-জ্বর নিয়ে সোনাচরণ দাশের মৃত্যুর পর গ্রামে করোনাভাইরাস আতঙ্ক আরও বেড়েছে - সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৪:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায সর্দি-জ্বরে আক্রান্ত সেই সোনাচরণ দাশ (৭০) মারা গেছেন। রোববার সকাল ১১টা দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মারা গেছে।
সোনাচরণ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের প্রয়াত নোছনা চরণ দাশের ছেলে। তার অসুস্থতার খবর গত ২ এপ্রিল জাতীয় দৈনিকসহ স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য হারেজুল ইসলাম জানান, সোনাচরণ দাশ গত কয়েকদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন। এ বিষয়ে দু’তিন দিন আগে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তার মৃত্যুর পর গ্রামে করোনাভাইরাস আতঙ্ক আরও বেড়েছে।
সোনাচরণের পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে গলাব্যথা নিয়ে পল্লী চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। স্থানীয় পল্লী চিকিৎসক ডা. শফিউল ইসলাম লেবু তাকে চিকিৎসা দেন। কিন্তু চিকিৎসায় সেরে না ওঠায় গত বৃহস্পতিবার পরিবারের লোকজন জ্বর ও সর্দির ওষুধ নিতে ওই চিকিৎসকের বাড়িতে যান। তখন চিকিৎসক তাদেরকে বলেন সোনাচরণের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বলেন, 'দু’তিন দিন আগে খবর নিয়ে জেনেছিলাম তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কি-না সে বিষয়ে নিশ্চিত হতে প্রয়োজনে নমুনা সংগ্রহ করা হবে।'
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন সমকালকে বলেন, 'অন্য কেনো রোগে তার মৃত্যু হতে পারে। এসব ঘটনায় অনেকে মানুষের মাঝে গুজব ছড়িয়ে দেয়। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তবে আমাদের এখানে করোনা পরীক্ষার কিট নেই।'
