পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৮:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পটুয়াখালীতে কালবৈশাখি ঝড়ের সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। রোববার দুপুরে আকস্মিক ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে জেলার বিভিন্ন স্থানে ৩ জন নিহত ও একজন আহত হয়।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, রোবার দুপুরের দিকে আকস্মিক ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে শুরু হয়। এ সময় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের রিকশাচালক জাহাঙ্গীর হোসেন তালুকদার (৩৮) বজ্রপাতে নিহত হন। তিনি খলিসাখালী গ্রামের মৃত মো. আজাহার হাওলাদারের ছেলে।
মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, রোববার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামে বজ্রপাতে কৃষক হাবিব হাওলাদার (৫২) নিহত হন। এ সময় তার ছেলে তারেক হাওলাদার (১৮) আহত হয়। তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রোববার বজ্রপাতে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া গ্রামের মাদ্রাসাছাত্র জোবায়ের ইসলাম (১৬) নিহত হয়। দুপুরে জোবায়ের বাড়ির পাশের তরমুজ ক্ষেতে গেলে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। জোবায়ের ওই এলাকার মো. রফিক খানের ছেলে।
