নিম্নমানের সামগ্রী দিয়ে রাতে সড়ক সংস্কার
নেত্রকোনার বারহাট্টার রামভদ্রপুর-বরইতলা বাজার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী-সমকাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ০৫:৫৭
বারহাট্টায় সড়ক সাংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইটের খোয়া, পুরোনো ইট ব্যবহার ও রাতে সংস্কার কাজ করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।
বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রামভদ্রপুর থেকে বরইতলা বাজার পর্যন্ত এক দশমিক ৩৮০ কিলোমিটার রাস্তা সংস্কারে বরাদ্দ ৬০ লাখ টাকা। এলাকাবাসীর অভিযোগ, বারহাট্টার রামভদ্রপুর থেকে বরইতলা বাজার পর্যন্ত সড়ক সংস্কারে ঠিকাদার নিজের ইচ্ছেমতো কাজ করছেন। পুরোনো ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে সড়ক সংস্কার কাজে। নতুন ইটও মানসম্মত নয়, খুবই নিম্নমানের। এমনকি রাতেও সড়ক সংস্কার কাজ করানো হয়। বাধা দিলে কারও কথা শোনেন না ঠিকাদারের লোকজন। সংস্কার কাজে কোনো তদারকি নেই এলজিইডির প্রকৌশলী ও তাঁর অফিসের লোকজনের। এ কারণে সড়ক সংস্কারে অনিয়ম করছেন ঠিকাদার। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাবি, পুরোনো ইট ও খোয়া ব্যবহার করতে দোষ নেই। নিম্নমানের নতুন ইট পরিবর্তন করে দেওয়া হয়েছে।
কথা হয় শেখেরপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও জাকির হোসেনের সঙ্গে। তাঁদের ভাষ্য, সড়কটি সংস্কারে যত ধরনের অনিয়ম করা সম্ভব, তার সবই করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। সড়কটি খুঁড়ে পুরোনো খোয়া ও ইট বের করে সেগুলোই আবার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে। নতুন ইট যেগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোও নিম্নমানের। রাতেও সড়কের কাজ করা হয়।
সড়ক সংস্কার কাজের সহকারী ঠিকাদার রমজান মিয়া জানান, নিয়ম অনুযায়ী পুরোনো ইট ব্যবহার করা হয়। যতটুকু সম্ভব ভালো মানের ইট দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ তদারকি আছে।
এলজিইডির বারহাট্টা উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে বলেন, পুরোনো ইট ও খোয়া ব্যবহার করতে দোষ নেই। তবে নতুন যে নিম্নমানের ইটগুলো ছিল, সেগুলো পরিবর্তন করা হয়েছে।
- বিষয় :
- সড়ক সংস্কার
- নিম্নমানের সামগ্রী
- নেত্রকোনা
