ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাদিকপন্থিদের আয়ের উৎস দখলের অভিযোগ, অস্বীকার প্রতিমন্ত্রীর

সাদিকপন্থিদের আয়ের উৎস দখলের অভিযোগ, অস্বীকার প্রতিমন্ত্রীর
×

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৫:৪৪ | আপডেট: ২০ জুন ২০২৩ | ১৮:৪৫

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বরিশাল সদর আসনের সংসদ সদস্য হলেও মহানগরের সব বিষয় এড়িয়ে চলতেন। নগর নিয়ন্ত্রণ করতেন আগের মেয়াদের সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এমনকি তাঁর বিরুদ্ধে নগরের মধ্যে প্রতিমন্ত্রীর কয়েকটি উন্নয়ন প্রকল্প আটকে দেওয়ারও অভিযোগ রয়েছে।

গত ১২ জুনের নির্বাচনে সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ মেয়র নির্বাচিত হলে পাল্টে যায় নগরের প্রেক্ষাপট। গত ৪ এপ্রিল থেকে মেয়র সাদিক ঢাকায় অবস্থান করছেন। তাঁর অনুসারীদের মধ্যে অনেকেই বরিশাল ছেড়েছেন। অন্যরা নগরে থাকলেও চুপসে আছেন। এ সুযোগে সাদিক অনুসারীদের নিয়ন্ত্রিত বাস-লঞ্চ টার্মিনাল, হাটবাজারসহ আয়ের উৎসগুলো একে একে দখল করে নিচ্ছেন প্রতিপক্ষের লোকজন।

নগর রাজনীতির এই নতুন মেরূকরণে এবার যুক্ত হলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তিনি বলেন, নগরে দখল রাজনীতির সঙ্গে তাঁর নেতাকর্মীর সংশ্লিষ্টতা নেই। তিনি এসব প্রশ্রয় দেন না জানিয়ে বললেন, ‘আমি টেন্ডারবাজ-সন্ত্রাসীদের স্পন্সর করি না। আমার কোনো লোককে এ ধরনের কাজে উস্কানিও দিই না।’

তিনি উল্টো অভিযোগ করে বলেন, আগে এক ব্যক্তি সব লঞ্চ-বাস টার্মিনাল ও হাটবাজার ভোগ করত। এখন আর সেটা হবে না। আগামী এক সপ্তাহের মধ্যে নগরের সাতটি খাল খননের কাজ শুরু হবে।

প্রতিমন্ত্রীর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

প্রসঙ্গত, নগরের সাগরদী খাল, চাঁদমারী খাল, ভাটার খাল, জেল খাল, আমানতগঞ্জ খাল, পলাশপুর খাল ও রূপাতলী খালের মোট ১৮ কিলোমিটার খননের একটি প্রকল্প গ্রহণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। গত বছরের এপ্রিলে দরপত্রও সম্পন্ন হয়। তবে সাদিক আবদুল্লাহর বাধায় প্রকল্পটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন

×