মানিকগঞ্জে তাবলীগ জামায়াত থেকে ফেরত ৫৭ জন কোয়ারেন্টাইনে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০১:২৩ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ০১:২৫
মানিকগঞ্জে তাবলীগ জামায়াত ফেরত ৫৪ জন মুসুল্লিসহ ৫৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার দিবাগত রাতে ৪৬ জন মুসল্লি শেরপুর ও ৮ জন মাগুরা জেলা থেকে তাবলীগ শেষে নিজ জেলা মানিকগঞ্জে ফিরেছেন।
জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, তাবলীগ জামায়াতের এক মুসুল্লি করেনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রোববার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করে ওই এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। রোববার রাতে দুটি পিকআপে করে শেরপুর থেকে ওই মুসুল্লিরা সিংগাইরে ফেরার সময় চেকপোস্টে ৪৬ জন এবং পিকআপ চালক ও সহযোগীসহ ৪৯ জনকে আটক করা হয়।
এছাড়া একই রাতে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার পদ্মা নদীর পার থেকে মাগুরা থেকে আসার পৃথক আটজন তাবলীগ জামায়াত ফেরত মুসুল্লিকে আটক করা হয়। এদের সবাইকে রাতেই মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউটে (নিপোট) ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা তাবলীগ জামায়াতের ৫৪ জন মুসুল্লিসহ ৫৭ জনকে সরকারিভাবে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ১৪ দিন তাদের সবাইকে সরকারিভাবে খাবার দেওয়া হবে।
