কাপাসিয়ায় শ্বাসকষ্টে নারীর মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৪:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কাপাসিয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। দুই সন্তানের জননী ওই নারী উপজেলার তরগাঁও গ্রামের অধিবাসী। তার মৃত্যুর পর করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার সকালে ওই নারীর মৃত্যু হয়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুস সালাম সরকার জানান, ওই নারীর জ্বর ও সর্দি কাশি ছিল না। তিনি প্রায় তিন বছর যাবৎ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। গত তিনদিন যাবৎ তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে হাসপাতালে না এসে স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়েছিলেন ও ইনজেকশন নিয়েছিলেন।
তিনি বলেন, সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে আমাদের ডাক্তার পাঠিয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি তিনি জ্বরে আক্রান্ত ছিলেন না। তাই তার দাফন স্বাভাবিক ভাবেই সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, অধিক সতর্কতার জন্য ওই নারী ও তার স্বামীসহ পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করেছি এবং পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
