জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার বাড়িতে হামলা
সাবিনা ও তার পরিবারের সদস্যদের উপর হামলা- সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৫:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সাতক্ষীরায় পারিবারিক শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে।এতে আহত হয়েছেন সাবিনা খাতুন, তার বোন সালমা খাতুন ও বাবা সৈয়দ আলী।
রোববার সন্ধ্যায় শহরের পলাশপোল সবুজবাগ তার বাড়ির সামনে এ হামলার চালানো হয়।
এ ঘটনায় রাতেই সাবিনার বোন শিরিনা খাতুন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজবাগ এলাকার ইমন হোসেন ও লতা বেগম নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
এ মামলার অন্য আসামিরা হলেন-জাফর গাজী ও সোহান গাজী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শহরের জজকোট সংলগ্ন সবুজবাগ এলাকায় সাবিনার বাড়ির সামনে এসে পারিবারিক শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশি ইমনের নেতৃত্বে চার জন দেশীয় অস্ত্র (ধারালো দা), রড ও লাঠি সোটা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে সাবিনার বাবা বাড়ি থেকে বেরিয়ে তাদের নিষেধ করলে তারা তাকে কিল,চড় ও ঘুষি মেরে জখম করেন। এরপর সাবিনা ও সালমা তার বাবাকে সাহায্য করতে আসলে তারা তাদের উপরও হামলা চালায়। এক পর্যায়ে তারা সালমার মাথায় লোহার রড দিয়ে বাড়ি দিলে মাথা ফেটে জখম হয়। পরে তাদের চিৎকারে স্থানীরা এসে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। তবে, প্রাথমিক চিকিৎসা নিয়ে সাবিনা ও তার বাবা সৈয়দ আলী বাড়ি ফিরলেও সালমার অবস্থা গুরুতর হওয়ায় তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতেই সাবিনার বোন বাদী হয়ে চার জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
তিনি আরো জানান, এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
