ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

জয়পুরহাটে করোনা সন্দেহে আরও ৬ জনের নমুনা সংগ্রহ

জয়পুরহাটে করোনা সন্দেহে আরও ৬ জনের নমুনা সংগ্রহ
×

ফাইল ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৫:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সোমবার সকালে জয়পুরহাটে আরও ছয়জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এর আগে জেলার পাঁচ উপজেলা থেকে করোনাভাইরাসের উপসর্গ থাকা ১০ জনের নমুনা সংগ্রহ করে শনিবার পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট ১৬ জনের নমুনা সংগ্রহ করা হলো।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জয়পুরহাট সদর, পাঁচবিবি ও কালাই উপজেলার ১২ জন এবং ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ৪ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সদর উপজেলার তিনজনের মধ্যে একজন আছেন বাড়িতে। অন্য দু’জনের নমুনা সংগ্রহ করা হয় হাসপাতাল থেকে। এছাড়া অপর ১৩ জনের নমুনা বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, স্বাস্থ্য বিভাগ বিভিন্ন স্থানে গিয়ে নমুনা সংগ্রহ করছে। যে সব বাড়িতে লালপতাকা রয়েছে তাদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে পর্যায়ক্রমে তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, জয়পুরহাটে এখন পর্যন্ত কোনো বাড়ি লকডাউন করা হয়নি। জেলার করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে আইসোলেশনে থাকা তিনজনসহ ৮৪ জন আছেন হোম কোয়ারেন্টাইনে। জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৩৫৭ জনকে। কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছে ২৭৩ জন।


আরও পড়ুন

×