বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থান
ছবি: সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৬:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঢাকাগামী বাস, প্রাইভেটকার ও মাইক্রেবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে কিছুটা শিথিলতা দেখালেও পুলিশ সদর দপ্তরের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচলে সোমবার সকাল থেকেই বাঁধা দিচ্ছে পুলিশ। সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা, ট্রাফিক ও জেলা পুলিশসহ হাইওয়ে থানা পুলিশের এ কড়াকড়ি চোখে পড়ার মত।
জেলার প্রায় ৭৫ কি.মি. দৈর্ঘের ওই দু’টি মহাসড়কের পুলিশের সদস্যরাও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোল চত্তর, সয়দাবাদ-মুলিবাড়ি মোড়, কড্ডার মোড়, হাটিকুমরুল মোড়, বোয়ালিয়া মোড়, মান্নান নগর, মহিষলুটি, ভুইয়াগাতী, চান্দাইকোনাসহ বিভিন্ন মোড়ে মোড়ে সোমবার সকাল থেকে পুলিশের কঠোরভাবে দায়িত্ব পালনের বিষয় সরেজমিনে দেখা যায়। তারপরেও কড্ডা ও হাটিকুমরুল মোড়ের অদুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাকের পেছন পেছন ছুটে জীবনের ঝুঁকি নিয়ে ওপরে চেপে ঢাকা অভিমুখে যেতে দেখা গেছে অনেক শ্রমিককে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে কিছুটা শিথিলতা দেখানো হলেও ঢাকার দিকে শুধুমাত্র অ্যাম্বুলেন্স আর পণ্যবাহী ট্রাক ছাড়া কোন যানবাহন যেতে দেওয়া হচ্ছে না।
কড্ডা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বেলায়েত হোসেন বলেন, সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দু’চারজন জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার শিকারও হচ্ছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. খাইরুল ইসলাম বলেন, পণ্যবাহী ট্রাক ছাড়া বাস-মাইক্রেবাসসহ কোন ধরনের যানবাহন ঢাকার দিতে যেতে দেওয়া হচ্ছে না। গত রাতে ২৫টি যানবাহন আটক করা হয়। সোমবার সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। দু’একজন গেলেও সেটা পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে।
বগুড়া হাইওয়ে আঞ্চলিক কার্যালয়ের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, পুলিশ সদর দপ্তরের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পুলিশকে বাধ্য হয়েই এ ধরনের কড়া পদক্ষেপ নিতে হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. তোফাজ্জল হোসেন বলেন, গণসচেতনতা সৃষ্টিতে রোববার জেলা সদর, উল্লাপাড়া, শাহজাদপুর ও তাড়াশ উপজেলায় দিনভর ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩৮ জনকে এক লাখ ১১ হাজার টাকার অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া, সোমবার বিকেলে ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হবে।
