পুলিশকে করোনার ভয় দেখিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা আসামির
ফাইল ছবি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৬:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পাবনার চাটমোহর থানা পুলিশ দু’টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গেলে আসামি নিজেকে করোনার রোগী দাবি করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন। তবে তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
আসামি সোলায়মান হোসে পৌর এলাকার মালুচর মহল্লার মৃত বারু প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে ঢাকার শাজাহানপুর থানায় দু’টি সিআর মামলা রয়েছে।
পুলিশ জানায়, রোববার রাত ১০ টার দিকে পুলিশ তার বাড়িতে গেলে সোলায়মান নিজেকে করোনা রোগী দাবি করে প্রথমে তাকে গ্রেপ্তার না করতে অনুরোধ করেন। এরপরও তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডা শুরু করেন তিনি। এক পর্যায়ে সোলায়মান নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের আত্মীয় পরিচয় দিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন জানান, দু’টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোলায়মান দীর্ঘদিন থেকে পলাতক। রোববার রাতে তাকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সোলায়মান একজন প্রতারক। আটকের সময় তিনি পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং নিজেকে করোনা রোগী বলে দাবি করেন। থানায় নিয়ে আসার পর নিজের মুখের মধ্যে বারবার আঙ্গুল ঢুকিয়ে রক্তাক্ত করলে তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
