ছাতকে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ফাইল ছবি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সুনামগঞ্জের ছাতকে একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন।
রোববার রাত ৮টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আলাপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- অটোরিকশা চালক চেরাগ আলী (৫৫) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫)। তাদের বাড়ি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের হায়াতপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, চেরাগ আলী রাত সাড়ে ৭টার দিকে তার অটোরিকশায় স্ত্রী ও মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী মৈশাপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে আলাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটেগামী একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে যাত্রীবাহী একটি রিকশার সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশা চালক চেরাগ আলী, তার স্ত্রী রাবেয়া ও মেয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রাবেয়া বেগমের মৃত্যু হয়। এরপর সোমবার সকালে মারা যান চেরাগ আলী।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমির উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে মাইক্রোবাস নিয়ে এর চালক ঘটনার পরই পালিয়ে যায়।
