রংপুরে চোলাই মদ খেয়ে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
রংপুর অফিস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুরে চোলাই মদ খেয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নে কেশবপুর গ্রামে। নিহতরা হলেন- চায়ের দোকানি আবু রায়হান (৪৫) ও শ্রমিক সাইদার (৩৫)। অসুস্থ্য মাসুদ রানা নামে এক ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কেশবপুর গ্রামের বাসিন্দা সাইদার ও রায়হান চোলাই মদ খেয়ে রোববার রাতে অসুস্থ্য হয়ে পড়েন। বার বার বমি করার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং এক পর্যায়ে নিজ বাড়িতেই মারা যান তারা।
এলাকাবাসী জানান, আগে থেকেই ওই দুই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। রোববার রাতে চোলাই মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে।
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, রোববার রাতে মিঠাপুকুরে গিয়ে সাইফুল, রায়হান ও মাসুদ রানা মদ এনে খেয়েছিল। রাতেই সাইদার ও রায়হানের মৃত্যু হয়েছে। মাসুদ রানা অসুস্থ্য হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।
