কুমিল্লায় পুলিশের ১৮টি ভ্রাম্যমাণ দোকান উদ্বোধন
বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ি এলাকার ভ্রাম্যমাণ দোকান উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম। ছবি: সমকাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৮:০০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ০৮:০৬
বিশ্বের অন্যান্য দেশের মতো প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী আতঙ্কে বাংলাদেশের মানুষ। আমাদের দেশের প্রতিদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার দেশবাসীকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। ফলে মানুষ নিত্যপণ্যের সংকটে পড়ায় কুমিল্লা জেলা পুলিশ এগিয়ে এসেছে। এই সংকটকালে ১৮টি থানা এলাকায় সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকান চালু করেছে তারা। সোমবার এসব দোকান চালু করা হয়।
পুলিশ সূত্র জানায়, ‘আপনার পুলিশ, আপনার দরজায়’ শ্লোগানে এসব ভ্রাম্যমাণ দোকানে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যসামগ্রী পাওয়া যাবে। এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা পুলিশ।
বেলা সাড়ে ১১টায় বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ি এলাকাধীন ময়নামতি ওয়েট স্কেলের কাছের ভ্রাম্যমাণ দোকানটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বলেন, আপনাদের কাছে আমার আহ্বান, প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হবেন না। ঘরে অবস্থান করুন। প্রয়োজন হলে পুলিশকে কল করুন, পুলিশ আপনার ঘরে প্রয়োজনীয় সবকিছু পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আমরা ১৮টি থানা এলাকায় ১৮টি ভ্রাম্যমাণ দোকান চালু করেছি। যেখানে বাজার থেকে ১০% বা ২০% কমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন আপনারা।
এরপর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ও দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ দোকান উদ্বোধন করেন পুলিশ সুপার । এরপর একযোগে ১৮ টি থানায় ভ্রাম্যমাণ দোকান কার্যক্রম শুরু হয়।
