ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

গাজীপুরে মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট

গাজীপুরে মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট
×

ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৮:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গাজীপুরে মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাওকে জেলায় প্রবেশ করতে এবং বের হতে দিচ্ছে না পুলিশ।

করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে সোমবার সকাল থেকেই গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি চেকপোস্ট বসানো হয়। রাস্তায় বের হলেই মানুষজন পুলিশের নানা রকম প্রশ্নের মুখোমুখী হচ্ছেন। সঙ্গত কোনো জরুরি কারণ ছাড়া কাওকে যানবাহন নিয়ে চলাচল করা থেকে বিরত রাখা হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন সমকালকে বলেন, অপ্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর বাসায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। মহানগরের প্রবেশপথগুলোতে ৮টি চেকপোস্ট বসানো হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, জেলা পুলিশের পক্ষে জৈনা বাজার, চন্দ্রা, কাপাসিয়া, উলুখলা ও রাজেন্দ্রপুরে পাঁচটি চেকপোস্ট বসানো হয়েছে। মানুষজনকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খুব বেশি প্রয়োজন না হলে কোথাও যাওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না।

মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মনজুরুল হক বলেন, ঢাকায় ময়মনসিংহ মহাসড়কে তারা চেক পোস্ট বসিয়েছেন। পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স ও জরুরি কাজে বের হওয়া লোকজন ছাড়া কাউকে এ সড়কে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, পায়ে হেঁটে অনেকেই গ্রামের দিকে যাচ্ছেন। মালবাহী পিকআপে চড়েও মানুষজনকে ময়মনসিংহের দিকে যেতে দেখা যায়। 

আরও পড়ুন

×