পাংশায় জ্বর-কাশিতে একজনের মৃত্যু, কয়েকটি বাড়ি লকডাউন হচ্ছে
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৮:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে সোমবার দুপুরে করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি ও কাশিতে মোহম্মদ রুহুল শেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাবার নাম হবি শেখ। এ ঘটনার পর ওই গ্রামের কয়েকটি বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
জানা গেছে, রুহুল শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এক সপ্তাহ আগে তিনি বাড়িতে আসেন। গত তিনদিন ধরে তিনি জ্বর, কাশি ও সর্দিসহ ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে তিনি মারা যান।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এছাড়া ওই গ্রামের কিছু বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা করছেন।
