ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাবার বুলেট ও কাঁদানে গ্যাস থেকে বাঁচতে দৌড়, ট্রাকচাপায় ২ শ্রমিকের মৃত্যু

রাবার বুলেট ও কাঁদানে গ্যাস থেকে বাঁচতে দৌড়, ট্রাকচাপায় ২ শ্রমিকের মৃত্যু
×

দুর্ঘটনার পর ট্রাকটি ভাঙচুর করে শ্রমিকরা -সমকাল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৮:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়িতে অবস্থিত ক্রাউন ওয়্যার লিমিটেডে বেতন না দিয়ে ছুটির নোটিশ টাঙিয়ে কারখানার মেইন গেইট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ওই মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের রাবার বুলেট ও কাঁদানে গ্যাস থেকে রক্ষা পেতে দৌড়ে পালানোর সময় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, সকালে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়্যার এ্যাপারেল লিমিটেডের শ্রমিকরা কাজে যোগদান করতে যান। এ সময় শ্রমিকরা দেখতে পান তাদের বেতন না দিয়েই ছুটির নোটিশ টাঙিয়ে কারখানার মেইন গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। কাজে যোগদান করার জন্য আসা শ্রমিকরা জড়ো হয়ে প্রতিবাদমুখর হয়ে উঠেন। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ করতে করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত ও মহাসড়ক থেকে অবরোধ তুলের নেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করে। এ সময় বিক্ষোভকারীসহ স্থানীয়রা এলোপাথারী দৌড়ে পালানোর সময় ট্রাকচাপায় দুই জন নিহত হন। 

নিহতরা হলেন- ক্রাউন ওয়ার এ্যাপারেল লিমিটেডের এমজিটি সেকশনের সহকারী প্রডাকশন ম্যানেজার (এপিএম) হারুন অর রশিদ এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ সময় রাবার বুলেটের আঘাতে জানালা ভেঙে স্থানীয় আব্দুর রহিমের বাসার তিনতলার ভাড়াটিয়া আল আরাফা ইসলামী ব্যাংকের মাস্টারবাড়ি ব্র্যাঞ্চের ম্যানেজার মিজানুর রহমানসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

ক্রাউন ওয়্যার এ্যাপারেল লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার সোহেল জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ৮ এপ্রিল বেতন দেওয়ার নোটিশ টাঙিয়ে ফ্যাক্টরি বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু কিছু শ্রমিক মহাসড়কে গিয়ে জটলা শুরু করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। 

তাছাড়া ট্রাকচাপায় নিহত ব্যক্তি তাদের ফ্যাক্টরির শ্রমিক নয় বলে তিনি দাবি করেন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্য উযায়ের আহমেদ আদনান জানান, ট্রাকচাপায় নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাঝে হারুন অর রশিদ নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়্যার এ্যাপারেল লিমিটেডের একটি সেকশনের এপিএম পদে কর্মরত ছিলেন। অপরজন গাজীপুরের শালনা অবস্থিত এক ফ্যাক্টরির শ্রমিক বলে জানতে পেরেছি। তবে, এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। 

শিল্পপুলিশ ময়মনসিংহ অঞ্চল-৫ এর সহকারী পুলিশ সুপার (এসপি) নুরুন্নবী জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ৩৫ রাউন্ড রাবার বুলেট ও ৩০ রাউন্ড কাঁদানী গ্যাস নিক্ষেপ করা হয়েছে। 

শিল্পপুলিশ ময়মনসিংহ অঞ্চল-৫ এর পুলিশ সুপার (এসপি) সাহেব আলী পাঠান জানান, রাবার বুলেট নিক্ষেপের কিছুক্ষণ পরে ও ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। 


আরও পড়ুন

×