মতলবে ১০ টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ
ফাইল ছবি
মতলব( চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০ | ০৫:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে ১০ টাকা মূল্যের চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
গত ৬ এপ্রিল এই ইউনিয়নে চাউল বিক্রয়ের সময় হতদরিদ্ররা চাল না পেয়ে ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ওই ইউনিয়নের ১০ টাকা মূল্যের চাল বিক্রয়ের ডিলার শাহআলম হতদরিদ্রদের মাঝে চাউল বিক্রি না করে অন্যত্র চাল বিক্রি করে দিচ্ছেন।
এছাড়া চাল কিনতে আসা একাধিক ব্যক্তি চাল ক্রয় করতে না পেরে খালি হাতে বাড়ি ফিরে গেছেন। স্থানীয়দের অভিযোগ, ডিলার তাদের চাল না দিয়ে পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ূন কবিরের কাছে ১৯ বস্তা চাল বিক্রি করে দেন।
চাল না পাওয়ার ক্ষোভ নিয়ে ওই ইউনিয়নের ধূলাউরা গ্রামের মৃত কেরামত আলী ছেলে শাহজাহান, আঃ মান্নানের স্ত্রী হাওয়া বেগমসহ রাহেলা বেগম, রুহুল আমিন,সলেমান মিয়াজী অভিযোগ করে বলেন, আমাদের কাছে চাউল বিক্রি না করে ডিলার ওই মাষ্টারের কাছে ১৯ বস্তা চাল বিক্রি করে। সে গাড়িতে করে প্রথমে ৭ বস্তা এবং পরে ১২ বস্তা চাল নিয়ে গেছে। এই নিয়ে চারবার হলো আমরা কোনো চাউল কিনতে পারিনি।
এদিকে ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুন্নি আক্তার জানান, আমার সামনে দিয়েই হুমায়ূন মাষ্টার ১২ বস্তা চাল নিয়ে গেছে।
এ বিষয়ে শিক্ষক হুমায়ূন কবির বলেন, আমি ৭ বস্তা চাউল নিয়ে কার্ডধারীদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এই ছাড়া কোনো চাল বস্তার কথা আমার জানা নেই। ডিলার শাহ আলম বলেন, সঠিক নিয়মে চাল বিক্রি করা হচ্ছে। কার্ডের বাইরে কাউকে চাল দেওয়া হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, এক ব্যক্তি একাই এত বস্তা চাল কোনোভাবেই নিতে পারে না। বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
