ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ-পথসভা

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ-পথসভা
×

 লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছে ইউনিয়ন বিএনপি।
গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের চন্দ্রেরবাড়ি বাজার থেকে প্রধান সড়ক হয়ে শিমুলিয়া ঘাটের জনতার মোড়ে এসে বিক্ষোভ শেষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী পথসভায় বিক্ষোভকারীরা বক্তব্য রাখেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। 
পথসভায় কুমারভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন– জেলা বিএনপির সদস্য ওমর ফারুক অবাক, সাবেক যোগাযোগবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম টিটু, সদস্য সিরাজুল ইসলাম শিপন, ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস শেখ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রোকেয়া বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান আল আমীন, নুরু মাদবর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম হাসান, ইউনিয়ন ছাত্রনেতা সোলায়মান মাঝি প্রমুখ।

আরও পড়ুন

×