ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণায় প্রাণনাশের হুমকি

সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণায় প্রাণনাশের হুমকি
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সোনারগাঁ থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নোবেল মীর। গতকাল শুক্রবার বিকেলে উদ্ভবগঞ্জ এলাকায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নোবেল মীর বলেন, সম্প্রতি শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণার কারণে তাঁকে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম দফায় দফায় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তিনি এ বিষয়ে সোনারগাঁ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তিনি কোনো প্রতিকার পাননি। তিনি দাবি করেন, জাহাঙ্গীর আলমও চেয়ারম্যান পদে লড়বেন।

নোবেল মীরের দাবি, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে তিনি মামলা হামলা, জেল জুলুমের শিকার হয়েছেন। এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের দলের লোকজনের প্রতারণা ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে জাহাঙ্গীর আলম কৌশলে ১৪ বছর আগের একটি চেক চুরি করে নিয়ে বর্তমানে ‘চেক ডিজঅনার’ মামলা করার হুমকি দিচ্ছেন। তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাঁর বিতর্কিত কর্মকাণ্ডে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন নোবেল মীর।
এ বিষয়ে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হুমকির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, নোবেল মীর আমাকে ইউনিয়ন পরিষদে সবার সামনেই দেখে নেওয়ার হুমকি দেন।

আরও পড়ুন

×