ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মরিচের মণ ১২০ ও বেগুন-টমেটোর মণ ৭০ টাকা

মরিচের মণ ১২০ ও বেগুন-টমেটোর মণ ৭০ টাকা
×

ফুলছড়ি উপজেলার ফুলছড়ি হাট যেন অচেনা রুপে। দু'সপ্তাহ আগেই রাস্তার পাশে হাজারো লোকের ভিড়ে পথ চলা কঠিন ছিল কিন্তু এখন ফাঁকা -সমকাল

ভবতোষ রায় মনা, ফুলছড়ি (গাইবান্ধা)

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৬:২৩ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০৬:২৯

গাইবান্ধার ফুলছড়িতে প্রতি শনিবার ও মঙ্গলবার হাট বসে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা ট্রাক নিয়ে কিনতে আসে চরাঞ্চলের সোনা খ্যাত মরিচ ও ভূট্টাসহ বিভিন্ন সবজি। এ হাটে ক্রেতা ও বিক্রেতা মিলে লাখো মানুষ জমে। কিন্তু করোনা সংক্রমন ঠেকাতে ফুলছড়ি হাটে প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সামাজিক দূরত্ব না মানায় সংক্রমণ আইনে নেওয়া হচ্ছে জরিমানা। ফলে পচে নষ্ট হয়ে লোকসানের মুখে পড়েছে যমুনা নদী বেষ্টিত সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অর্ধশত চরে উৎপাদিত কৃষি পণ্য। প্রতি মণ কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ও বেগুন প্রতি মণ ৭০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক সময় এর চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। 

তবে প্রশাসন বলছে, চরাঞ্চলের চাষীদের মরিচ শুকানোর পরামর্শ দেওয়া হয়েছে।  

সরেজমিন ঘুরে দেখা যায়, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি হাট যেন অচেনা রুপে। দু'সপ্তাহ আগেই রাস্তার পাশে হাজারো লোকের ভিড়ে পথ চলা কঠিন ছিল কিন্তু এখন ফাঁকা। দেড় যুগের ঐতিহ্যবাহী এই হাটের এমন অবস্থা হবে কেউ কখনো ভাবতে পারেননি। 

কৃষক আবেদুর রহমান জানান,  অনেক কষ্ট করে কয়েক কিলোমিটার পথ হেঁটে ফুলছড়ি বাজারে এসে বিপদে পড়েছি। এই হাটে কাঁচামালের দোকান বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

খাটিয়ামারি গ্রামের কৃষক আব্দুল মালেক জানান,  তার উৎপাদিত কৃষি পণ্য মরিচ, বেগুন টমেটো পচে নষ্ট হয়ে যাচ্ছে।  কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ২০০ টাকা প্রতি মণ। টমেটো ৮০ টাকা প্রতি মণ , বেগুন ৭০ টাকা থেকে ১০০ টাকা প্রতি মণ। 

আব্দুল কাদির নামের এক মরিচ চাষী জানান, প্রশাসন মরিচ শুকানোর পরামর্শ দিচ্ছে। মরিচ বিক্রি করে চাল ডাল লবন মশলা কিনতে হয়। মচির বিক্রি করে সংসার চালাতে হয়। মরিচ শুকালে সংসার চলবে কিভাবে। কে নেবে দায়িত্ব?

কৃষকরা জানান, মরিচ-বেগুন-পটল-টমেটোসহ চরে উৎপাদিত কৃষি পণ্য সরকারিভাবে সীমিত আকারে ক্রয় করে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় নিলে কৃষকরা ন্যায্য দাম পেতেন। অপর দিকে দেশের অন্য সব জেলায় সবজির চাহিদা মিটতো।

মরিচ ও সবজি চাষীদের লোকসানের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান দোলন জানান, মচির চাষীদের মরিচ শুকানোর পরামর্শ দেওয়া হয়েছে। শুধু হাটের দিনশনিবার ও মঙ্গলবার ফুলছড়ি হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষদের জন্য ফুলছড়িতে ফুড ব্যাংক খোলা আছে। আমরা নিয়ম অনুযায়ী কাজ করছি। 

আরও পড়ুন

×