ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, শোকজ

বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, শোকজ
×

নুকালি মাল্টি ল্যাটারাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৩:৪৫ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ১৪:১২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি মাল্টি ল্যাটারাল (বহুপার্শ্বিক) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষা চলাকালে নিজ কার্যালয়ে বসে মদ্যপান ও মাতলামির অভিযোগ উঠেছে।

এ ঘটনার একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, বৃহস্পতিবার সকালে পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেন। তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় নিজ কার্যালয়ে প্রবেশ করে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি ও অসংলগ্ন আচরণ শুরু করেন। এতে পরীক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়। পরে তার স্বজনরা এসে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান।

সেখানে থাকা একাধিক অভিভাবক জানান, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে আসছেন। মাঝেমধ্যেই বিদ্যালয়ের কার্যালয়ে বসে মদ্যপান করে অস্বাভাবিক আচরণ ও চিৎকার-চেঁচামেচি করেন। তার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কেউ প্রকাশ্যে প্রতিবাদ বা অভিযোগ করার সাহস পান না।

ঘটনার পর অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, মানসিক অশান্তির কারণে মদ্যপান করেছিলাম। তখন মাথা ঠিক ছিল না। মদ্যপ অবস্থায় কী বলেছি বা করেছি, তা মনে নেই। তবে বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় আসা আমার ঠিক হয়নি। এটি অন্যায় হয়েছে।

এ বিষয়ে ইউএনও বলেন, প্রধান শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

আরও পড়ুন

×