ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, মা-ছেলে আহত
দুর্ঘটনায় নিহত বাবা ও মেয়ে- সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৭:০৭ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০৭:৪৬
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি ও তার মেয়ে নিহত হয়েছেন; আহত হয়েছেন স্ত্রী ও ছেলে।
সদর উপজেলার হাটগোপালপুর নামক স্থানে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেলিম রেজা (৪০) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১১)। সেলিম ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের নওশের আলী মোল্লার ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে মাগুরায় কর্মরত ছিলেন। আর মেয়ে সুমাইয়া ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আদর্শআন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী মিতা খাতুন (৩০) ও শিশুপুত্র সোহাগ (৩)।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন। তিনি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক হেড লাইট জ্বালিয়ে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় চারজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সেলিম রেজারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে গোয়ালন্দের একটি ক্লিনিকে বেলা ১২টার দিকে মৃত্যু বরণ করেন তিনি।
হাট গোপালপুরের ব্যবসায়ী মোক্তাদির হোসেন মুধা জানান, তারা ফজরের নামাজ পড়ে দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছান। সেই মুহূর্তে পা ভাঙ্গা অবস্থায় জীবিত থাকা সেলিম রেজা
জানান- ট্রাকটি দ্রুতগতিতে হেড লাইট জ্বালিয়ে আসার কারণে তিনি চোখে কিছুই দেখতে পাননি।
এদিকে পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন।
