ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কক্সবাজার লকডাউন

কক্সবাজার লকডাউন
×

কক্সবাজার অফিস

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৭:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ন্ত্রণে পুরো কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ ঘোষণা দেন। 

জেলা প্রশাসক বলেন, 'লকডাউন আজ (বুধবার) থেকেই কার্যকর হবে। এই লকডাউনের কারণে জেলা থেকে কেউ বাইরে যেতে পারবে না। বাইরে থেকে কেউ আসতে পারবে না। অপ্রয়োজনে আন্তঃউপজেলা গমনাগমনও বন্ধ থাকবে।  নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের (খাদ্য, ওষুধ) দোকান খোলা থাকবে।'

তিনি আরও বলেন, 'এখানে করেনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। করোনা রোগী যেহেতু সনাক্ত হয়েছে এখানে। তিনি সুস্থ হয়েছেন কিন্তু তার সংস্পর্শে  যারা এসেছিলেন তারা এখনও আছে। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আমাদের ঝুঁকি রয়েছে। তাদের যাতায়াত নিয়ন্ত্রিত করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী জেলা চট্টগ্রামেও করোনা রোগী সনাক্ত হয়েছে। এসব মিলিয়ে আমরা মনে করছি যে ঝুঁকি আছে। তাই ঝুঁকি থেকে কক্সবাজারকে মুক্ত রাখতে লকডাউন ঘোষণা করা হয়েছে।' 

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃক পরিচালিত ল্যাবে বুধবার ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে গত ৮ দিনে এই ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা হলো। সবগুলো পরীক্ষার ফলাফল নেগেটিভ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান।

এদিকে কক্সবাজার জেলা প্রশাসসন সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনা রোগে আক্রান্ত হয়েছেন একজন নারী। ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতলে চিকিৎসা শেষে তিনি গত ৫ এপ্রিল সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। জেলায় এ পর্যন্ত ৫১৭ জনকে হোম কোয়ারেন্টাইন ও ২৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন থেকে এ পর্যন্ত ৪৫২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×