ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

তাবলিগ থেকে ফিরে বৃদ্ধের মৃত্যু, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

তাবলিগ থেকে ফিরে বৃদ্ধের মৃত্যু, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ
×

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৭:৩৭ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০৮:০৯

রাজশাহীর বাঘায় তাবলিগ জামায়াত থেকে ফিরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি তিনদিন আগে কুষ্টিয়ায় তাবলীগের জামায়াত থেকে ফিরে নিজ এলাকার মসজিদে ছিলেন। 

মৃত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৬২)। তার বাড়ি বাঘা পৌরসভার উত্তর মিলিকবাঘা গ্রামে। বুধবার সকাল সাড়ে ৬টায় একই পৌর সভার দক্ষিণ মিলিক বাঘায় অবস্থিত জামিয়া ইসলামীয়া দারুল উলুম (মহিলা) মাদ্রাসায় তিনি মারা যান। পরিবার থেকে অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যুর দাবি করা হলেও  এলাকায় করোনায় মৃত্যু আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলার বাঘা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও তাবলীগ জামায়াতের সদস্য মাওলানা আব্দুল গফুর মিঞা জানান, আবুল কালাম আজাদের আরেকটি তাবলিগে যাওয়ার কথা ছিল। এ কারলে তিনদিন আগে কুষ্টিয়া থেকে এসে তাবলিগ জামায়াতের দুইজন সঙ্গী নিয়ে ওই মাদ্রাসায় ছিলেন। তার এক ছেলে মাওলানা সুলতান আহম্মেদ সেই মাদ্রাসার মুহতামিম (পরিচালক)। সেই সুবাদে পরিবারের লোকজনও সেখানে থাকেন।  মৃত্যুর আগের দিন মঙ্গলবার তিনি তার নিজ বাসার লোকজনের সাথেও দেখা করে গেছেন।  

বুধবার বাদ আসর বাঘার কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানান অধ্যক্ষ আব্দুল গফুর মিঞা। 

ছেলে মাওলানা সুলতান আহমেদ জানান,তার বাবার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুখ ছিল। নিয়মিত ওষুধ খেতেন তিনি। মৃত্যুর সময় তার পরিবারের লোকজনও সেখানে ছিল। 

 বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আকতারুজ্জামান জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা সংক্রমিত ছিলেন কি না। 

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন,করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে জানাযা দেওয়ার কথা বলা হয়েছে।  

বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন রেজা বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×