মিঠাপুকুরে গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৮:০০ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০৮:২২
রংপুরের মিঠাপুকুরে গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার জুমা জলছত্তর গ্রামের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম মুসা মিয়া (৪৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রানীপুকুর ইউনিয়নের জুমা জলছত্তর গ্রামের বাসিন্দা মুসা মিয়া পেশায় একজন কৃষক। মঙ্গলবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।
মুসার ছেলে আসাদুল ইসলাম জানান, প্রতিদিন রাত করেই বাবা বাড়ি ফেরেন। তাই রাতে আর খোঁজ নেওয়া হয়নি।
নিহতের স্ত্রী এসমোতারা বেগম বলেন, আমার স্বামীর নামে মোটরসাইকেল ছিনতাই মামলা রয়েছে। এই ভয়ে প্রায় সময় রাত করে বাড়ি আসেন।
স্থানীয়রা সকালে কৃষি জমিতে যাওয়ার সময় পাশের একটি বাঁশঝাড়ের গাছের ডালে মুসা মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
