ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

লকডাউনে ৭০ বরযাত্রী নিয়ে বিয়ে, সরকারি কর্মকর্তাকে জরিমানা

লকডাউনে ৭০ বরযাত্রী নিয়ে বিয়ে, সরকারি কর্মকর্তাকে জরিমানা
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৯:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউনের মধ্যে ধুমধাম করে বিয়ে করে জরিমানা গুনতে হয়েছে শাহীন কবির নামের এক সরকারি কর্মকর্তাকে। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামে এ বিয়ের অনুষ্ঠান হয়। 

শাহীন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে ও পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক। এ ঘটনায় বুধবার বিকেলে তাকে  ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে শাহীন কবিরের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম উপস্থিত হন। ইউএনও ও পুলিশ আসছে- এমন খবরে শাহীন বাড়ি থেকে পালিয়ে যান। পরে ইউএনও ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। শাহীনের ছোট ভাই সোহেল মিয়া জরিমানার টাকা পরিশোখ করেন।

বিয়েতে অংশ নেওয়া এলাকার এক বাসিন্দা জানান, বিয়ের অনুষ্ঠানটি অনেক আগে পরিকল্পনা করা ছিল। শাহীন কনের বাড়িতে ৭০ জন বরযাত্রী নিয়ে যান। বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে খাওয়া-দাওয়া হয়। সেখানেই কাজী বিয়ে পড়ান।

অবশ্য করোনা পরিস্থিতিতে এত লোক নিয়ে বিয়ের অনুষ্ঠান করায় বর পক্ষকে তুলোধনা করে এলাকাবাসী। এতে বরপক্ষের লোকজন ধীরে ধীরে সটকে পড়েন।

উপজেলার গোচাইট গ্রামের বাসিন্দা রহিম ব্যাপারী বলেন, এখানে অনেক মানুষ এসেছে শহর থেকে। করোনায় মারা গেছে- এমন অনেক এলাকা থেকেও লোক এসেছে। আমাদের এখন ভয় হচ্ছে তারা এখানে করোনা ছড়িয়ে গেল কি-না।

এ বিষয়ে শাহীন কবির বলেন, আমি আপাতত কাবিনটা সম্পন্ন করে রেখেছি। এটি একেবারেই ছোট পরিসরে ছিল। শুধুই পারিবারের লোকজন অংশ নিয়েছে। বউভাতের আয়োজন এখন করিনি। পরিস্থিতি ভালো হলে বড় করে আয়োজন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন কাণ্ডে আমরা বিব্রত। এটি তিনি কিভাবে করলেন আমার মাথায় আসছে না। আপাতত তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকাটা তার ভাই পরিশোধ করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করবো আমি।


আরও পড়ুন

×