সাটুরিয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৯:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মানিকগঞ্জের সাটুরিয়ায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আনোয়ার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি ধানকোড়ার মধ্য গোলড়া গ্রামে।
বুধবার সকালে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করেছে। তিন পরিবার ও স্থানীয় চিকিৎসককে কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আনোয়ার হোসেন বুধবার সকালে মারা গেছেন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ঠাণ্ডা ও জ্বর ছিল কয়েকদিন ধরে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কি না তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছি। মৃত ব্যক্তির পরিবারসহ পাশের আরও তিন বাড়ি এবং মৃত ব্যক্তির পল্লী চিকিৎসককে হোম কোয়ারান্টোইনে রাখা হয়েছে। আর তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশীদ বলেন, মারা যাওয়ার ৩ ঘণ্টার মধ্যে নমুনা নিতে হয়। আমরা মারা যাওয়ার ১ ঘণ্টার মধ্যেই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছি। রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা।
সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে জানাজার নামাজ আদায় করে গোলড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
