‘আশুগঞ্জ-আখাউড়া সড়ক ফোরলেন হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সহজ হবে’
প্রকল্পের অধিগ্রহণ করা স্থান পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার - সমকাল
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১৪:৫৫ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১৫:০১
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, আশুগঞ্জ-আখাউড়া সড়ক ফোরলেন ও আশুগঞ্জ নৌবন্দরের অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে উভয় দেশের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। ব্যবসা-বাণিজ্যের দ্রুত প্রসার হবে। এতে উভয় দেশ আরও লাভবান হবে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ছাড়াও সাংস্কৃতিক বিনিময় বাড়বে।
সোমবার আশুগঞ্জ আখাউড়া সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজ এবং আশুগঞ্জ নৌবন্দরে নির্মিতব্য অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) প্রকল্পের অধিগ্রহণ করা স্থান পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।
কবে নাগাদ আইসিটি প্রকল্পের কাজ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন প্রকল্পের কাজ ও নদীবন্দরে আইসিটি প্রকল্পের কাজ একে অপরের সঙ্গে যুক্ত। আশুগঞ্জ আখাউড়া ফোরলেন প্রকল্পের কাজ চলমান এবং আশুগঞ্জে আইসিটি প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এ বি এম আমিন উল্লাহ নুরী, আশুগঞ্জ আখাউরা ফোরলেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মোস্তাকুর রহমান, আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল প্রকল্পের পিডি মো. সাজেদুর রহমানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।