কমলনগরে জ্বর-ডায়রিয়ায় যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন
ফাইল ছবি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৩:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের কমলনগরে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আশ্রাফ উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই যুবক ৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে স্বজনরা বুধবার তাকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে ফের ডায়রিয়ার সঙ্গে তার জ্বর দেখা দেয়। শুক্রবার ভোরেই তার মৃত্যু হয়।
তিনি জানান, ওই যুবকের করোনার উপসর্গ (জ্বর ও ডায়রিয়া) থাকায় পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
কমলনগর থানার ওসি নুরুল আবছার জানান, এ ঘটনায় মারা যাওয়া ওই যুবকের বাড়িসহ আশেপাশের পাঁচটি পরিবারকে লকডাউন করা হয়েছে।
