তথ্য লুকিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন, ১০ বাড়ি লকডাউন
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৩:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের এক ব্যক্তি ঢাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তার লাশ এলাকায় এনে তথ্য গোপন করে দাফন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গ্রামের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বাড়িগুলো লকডাউনের ঘোষণা করেন। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তির জানাজা ও দাফনে অংশ নেওয়া ব্যক্তিসহ প্রতিবেশীদের ১০টি বাড়ি লকডাউন করে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে। বাড়িগুলোতে কাউকে প্রবেশ ও সেগুলো থেকে কেউ যাতে বাইরে বেরুতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার জানান, ইছাপুরা এলাকার এক ব্যক্তির লাশ ঢাকা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এলাকায় এনে জানাজা ও দাফন করা হয়। ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকার গেন্ডারিয়ার বাড়ি থেকে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানকার চিকিৎসকরা কভিড-১৯ এর উপসর্গ পেয়ে তার নমুনা সংগ্রহ করেন। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ওই দিন বিকেলে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠান ঢামেকের চিকিৎসকরা।
তিনি আরও জানান, কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরপরই সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার স্বজনরা নমুনা সংগ্রহের তথ্য গোপন করে লাশ নিয়ে বাড়িতে চলে আসেন। পরে বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়িতে তথ্য গোপন রেখেই জানাজা শেষে লাশ দাফন করা হয়। রাতে বিষয়টি জানাজানি হয়।
