ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে যুবসমাজের উদ্যোগে দুই এলাকা লকডাউন

ঈশ্বরদীতে যুবসমাজের উদ্যোগে দুই এলাকা লকডাউন
×

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৩:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ঈশ্বরদীর বাবুপাড়া ও আলহাজ্ব ক্যাম্প এলাকা লকডাউন করা হয়েছে। 

শুক্রবার ওই এলাকায় প্রবেশের সব দিকের রাস্তার মুখে আড়াআড়িভাবে বাঁশ বেঁধে সেখানে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে তারা। এলাকায় বহিরাগতদের প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় সমাজকর্মী মাসুম পারভেজ কল্লোল বলেন, এলাকার মানুষকে ঘরে রাখতে স্থানীয় যুবসমাজ স্বেচ্ছায় এ উদ্যোগ নিয়েছে। এলাকাবাসীও এই আহ্বানে সাড়া দিয়ে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। 

শুক্রবার সকালে ঈশ্বরদীর আলহাজ্ব ক্যাম্প এলাকার গিয়ে দেখা যায়, ক্যাম্পের চারটি প্রধান প্রবেশ পথ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। প্রবেশ পথে রাখা হয়েছে হাত ধোয়ার জন্য সাবান ও পানি। এর আগে মাইকিং করে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। বহিরাগত মানুষ ও যানবাহন যেন এলাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য এলাকার যুবকরা প্রবেশ পথে পাহারা বসিয়েছেন।

ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর ইউসুফ আলী প্রধান বলেন, গার্মেন্টস ছুটি ঘোষণার পর ঢাকা থেকে অনেকেই এলাকায় আসতে শুরু করেছেন। ঢাকায় করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেছে। ফলে ঢাকা থেকে এ এলাকায় যারা আসছেন, তাদের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই ঢাকা এসে কেউ যেন এই এলাকায় আশ্রয় নিতে না পারে, সেজন্য সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।


আরও পড়ুন

×