কিশোরগঞ্জের ৩১ জনের পরীক্ষা করে ৬ জনেরই করোনা পজিটিভ
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৫:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কিশোরগঞ্জে নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। পরীক্ষায় তাদের মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় এর আগে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার একজন মৃত ব্যক্তি করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। শুক্রবার পাওয়া ফলাফলে নতুন করে আরো ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ২ জন, ভৈরব উপজেলার ১ জন ও বাজিতপুর উপজেলার ১ জন।
ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলা থেকে মোট ৮০ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়। এছাড়া শুক্রবার নতুন করে ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিরা নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
