করোনা সন্দেহ: সখীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিক্ষকের মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৬:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
টাঙ্গাইলের সখীপুরে শরীরে জ্বর, মূত্রস্থলে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে শামসুল হক (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার দীঘিরচালা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। শামসুল হক কাকড়াজান ইউনিয়নের বড় হামিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি গত ৫-৭ দিন ধরে জ্বর, মূত্রস্থলে ব্যথা ও শ্বাসকষ্টে ভোগছিলেন। তিনি মোবাইলে চিকিৎসা নিয়েছেন, কিন্তু হাসপাতালে আসেননি বলে জানা গেছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল মৃত শামসুল হকের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পাঠিয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বলেন, মৃত ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে।
ইউএনও আসমাউল হুসনা লিজা সমকালকে জানান, মৃতের পরিবারের লোকজনকে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা, পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না।
