কোয়ারেন্টাইনে রাখা নিয়ে সংঘর্ষে আহত ৬
ট্রলারে স্বরূপকাঠিতে ফিরে আসা ব্যক্তিরা- সমকাল
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৬:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নারায়নগঞ্জ থেকে মালবাহী ট্রলারে স্বরূপকাঠিতে ফিরে আসা ১৮ ব্যক্তিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নিয়ে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ ও সাংবাদিকসহ ৬ জন আহত হন।
আহতদের ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত সাংবাদিক গোলাম মোস্তফা বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাক্লোন শেল্টারে ওই ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখতে যেয়ে বাধার মুখে পড়ে প্রশাসন। কাটাপিটানিয়া গ্রামে বাইরের লোক রাখতে গেলে ইউপি সদস্য সুখলাল ঢালী ও রনজিত বেপারীর নেতৃত্বে স্থানীয়রা বিদ্যালয়ের সামনেই বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন মিয়া ও উপ পরিদর্শক তাজেলসহ পুলিশের উপর চড়াও হয় । এ সময় ওই এলাকার কয়েক শ’ মানুষ লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন, বর্তমান সময় বাইরে থেকে লোক আসায় মানুষের মধ্যে ভীতি কাজ করে বলেই তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছি। কিন্তু কিছু না বুঝেই কাটাপিটানিয়া গ্রামের মানুষকে চটিয়ে দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
এলাকার চৌকিদার দীপেন্দ্র নাথ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাংবাদিক গোলাম মোস্তফার ক্যামেরা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু বলেন, কয়েক দিনে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে প্রতিনিয়ত ট্রলারে করে লোক গ্রামের বাড়িতে পালিয়ে আসছে।মানবিক কারণে এ লোকদেরকে নিরাপদ দুরত্বে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছি।
