মাথা ন্যাড়া করার হিড়িক!
গ্রামের অনেকেই মাথা ন্যাড়া হয়ে একসঙ্গে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। ছবিটি খুলনার কয়রা থেকে তোলা -সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৬:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লম্বা ছুটি ও সেলুন বন্ধ থাকায় মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে খুলনায়। পরিবারের সবাই একসঙ্গে ন্যাড়া হচ্ছেন। সেই ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার গ্রামের সমবয়সীরা সবাই একসঙ্গে ন্যাড়া হয়ে একসঙ্গে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে।
তবে প্রবীণরা বলছেন, চৈত্রের তীব্র গরমে মাথা ন্যাড়া করা স্বাস্থ্যের জন্য ভালো। এতে গরম কিছুটা কম লাগবে।
তসলিম আহমেদ তাজ নামে একজন জানান, করোনাভাইরাসের প্রকোপ শুরুর আগে কয়রা উপজেলার নিজ গ্রামে চলে আসি। এরপর গাড়ি বন্ধের কারণে কর্মস্থলে ফিরতে পারিনি। এখানে কোনো দোকান-পাট খোলা নেই। এছাড়া তীব্র গরমে থাকতে না পেরে চুল কেটে ফেলেছি। আমরা দেখা দেখি গ্রামের সমবয়সী ৪৮ জন একসঙ্গে ন্যাড়া হয়েছে।
পরিবারের শিশুদের সঙ্গে ন্যাড়া হয়েছেন জেলা পরিষদের ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম ফরিদ রানা। তিনি জানান, গরমের কারণে মা ছোটদের চুল কেটে দিয়েছেন। পরে সেলুন বন্ধ থাকায় আমিও চুল কেটে ফেলেছি। এখন ভালোই লাগছে।
