ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

গজারিয়ায় চিকিৎসক ও নার্সসহ ৩ জনের করোনা শনাক্ত

গজারিয়ায় চিকিৎসক ও নার্সসহ ৩ জনের করোনা শনাক্ত
×

ছবি সমকাল

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ২৩:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন সহকারী নার্স ও নারায়ণগঞ্জ থেকে এসে উপজেলার লক্ষীপুরা গ্রামে শ্বশুর বাড়িতে আশ্রয় নেওয়া এক শ্রমিকের শরীরে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। চিকিৎসার জন্য শুক্রবার গভীর রাতে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসলিমা আনাম শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের কমপ্লেক্সের দুইজন স্টাফ সর্দি, হাচি, কাশিতে আক্রান্ত হওয়ায় তাদেরসহ তিনজনের নমুনা পরীক্ষার জন্য জাতীয় রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। তিনজনেরই (কভিড-১৯) পজেটিভ পেয়েছি।

তাসলিমা আনাম বলেন, আক্রান্ত শ্রমিক নারায়ণগঞ্জ থেকে আগত লক্ষীপুরা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ের জামাই। তিনি কয়েকদিন আগে নারায়ণগঞ্জের বন্দর এলাকার রসুলবাগের ভাড়া বাড়ি থেকে জ্বর নিয়ে শ্বশুর বাড়ি লক্ষীপুরা গ্রামে চলে আসেন। তিনি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালীপুরা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

তিনি আরো জানান, আমাদের ৫ জন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী জানান, প্রাথমিক অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামটি লকডাউন করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×