লক্ষ্মীপুরে জ্বর ও ডায়রিয়ায় বৃদ্ধসহ ২ জনের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০১:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের কমলনগর ও রামগঞ্জে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টায় কমলনগর উপজেলার চরফলকন গ্রামে ও রামগঞ্জ উপজেলার শেফালীপাড়া গ্রামে পৃথকস্থানে দুজন মারা যান। শনিবার সকালে মৃতদের পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। এ ঘটনায় কমলনগরে মৃতের বাড়িসহ ৪ টি বাড়ি ও রামগঞ্জে মৃতের বাড়িসহ ৫ টি বাড়ি লকডাউনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
কমলনগর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুদিন ধরে কমলনগর উপজেলার চরফলকন গ্রামের ওই বৃদ্ধ জ্বরে ভূগছিলেন। শুক্রবার রাতে হঠাৎ করে রাতেই নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে মারা যান ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি। তিনি বলেন, মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রওশন জামিল জানান, শুক্রবার দিবাগত রাত ১টায় রামগঞ্জ উপজেলার শেফালীপাড়া গ্রামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যায়। তিনি বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বলা যাবে কি কারণে তিনি মারা গেছেন।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার জানান, ২৪ ঘন্টায় কমলনগরে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। করোনা সতর্কতায় মৃতদের বাড়িসহ মোট ৯ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার জন্য মৃতদের নমুনা সংগ্রহ হয়েছে।
এদিকে জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ১৭৪ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা লোকের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ২৯০ জনে৷ এর মধ্যে ২ হাজার ৫৭ জনের কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া করেনা সন্দেহে ২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
