পুকুর ও ছড়ায় ফেলা হলো হাজারো মৃত মুরগি
এভাবেই ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা হয়েছে মরা মুরগিগুলো -সমকাল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০২:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের রায়ছটা গ্রামের একটি পোল্ট্রি ফার্মে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একসঙ্গে মারা গেছে ২ হাজারের বেশি মুরগি। তিনদিন ধরে মরা এসব মুরগির কিছু পড়ে আছে ফার্মে এবং কিছু এলাকার বিভিন্ন পুকুর ও ছড়ায় ফেলা হয়েছে। এতে পুরো এলাকায় পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে মারাত্মক রোগ বালাই ছড়িয়ে পড়ার আশংকা করছে এলাকাবাসী।
শনিবার সকালে রায়ছটা গ্রামে গিয়ে দেখা যায়, পোল্ট্রি ফার্মে বস্তাবন্দী করে ফেলে রাখা হয়েছে কয়েক’শ মুরগি। এছাড়াও পোল্ট্রি ফার্ম সংলগ্ন পার্শ্ববর্তী পুকুর ও ছড়ায় ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে কয়েকশ’। যেগুলো পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকায়।
এ সময় হাছান আলী, মোস্তাক, মো. ইসমাইল, একরামুল হক, মাহামুদুল ইসলাম, আবদুল খালেক, সাহাবুদ্দীনসহ এলাকাবাসী অভিযোগ করেন, জসীম উদ্দিন নামে এক ব্যক্তি এই পোল্ট্রি ফার্মের মালিক। তাকে মরে যাওয়া মুরগি মাটিতে পুঁতে ফেলার জন্য অনেকবার অনুরোধ করলেও তা শোনেননি। এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করে এখনও কোন প্রতিকার পাওয়া যায়নি।
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবদুল মাবুদ বলেন, এই পোল্ট্রি ফার্মে ২ হাজারের বেশি মুরগি তিনদিন আগে মারা যায়। এগুলো যততত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলায় তা পঁচে চরম দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন চৌধুরী খোকা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্ম খুবই ক্ষতিকর। ওই পোল্ট্রি ফার্মে মরে যাওয়া মুরগি নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলার জন্য ফার্মের মালিককে নির্দেশ দিয়েছি। নির্দেশ অমান্য করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
