নোয়াখালীতে মারা যাওয়া প্রবাসী করোনা পজিটিভ, চিকিৎসক-নার্স কোয়ারেন্টাইনে
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০২:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নোয়াখালীর সোনাইমুড়ীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভূগে মারা যাওয়া ইতালি প্রবাসী ওই ব্যক্তি (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শনিবার দুপুরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম ।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পরীক্ষার জন্য পাঠানো হয়।
ডা. মাইনুল জানান, ওই প্রবাসীকে চিকিৎসা দেওয়া নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স, ষ্টাফ ও তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির গ্রামের বাড়ি ও সোনাপুর ইউনিয়নকে লকডাউনে রাখা হয়েছ।
নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, সোনাপুর ইউনিয়নটিকে বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সাথে ওই ইউনিয়নকে প্রশাসনের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। তিনি জানান, মৃতের পরিবার ও স্বজনসহ যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মৃত ব্যক্তির ছোট ভাই জানান, মৃত ওই প্রবাসী ৫ নভেম্বর ইতালি থেকে বাংলাদেশে আসেন। এরপর কয়েক দফায় তার বিদেশফেরত বন্ধুদের সাথে দেখা করতে ঢাকা যান। এছাড়া বেশ কয়েকবার ইতালি দূতাবাসেও গিয়েছিলেন তিনি। তিনি আরও জানান, গত ১০-১২ দিন আগে থেকে তার ভাই সর্দি ও জ্বরে ভুগছিলেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, গত বুধবার বিকালে ইতালি প্রবাসী ওই ব্যক্তি বুকে ব্যথা নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। তখনই ওই প্রবাসীর ফুসফুস ঠিকভাবে কাজ করছিল না। এ কারণে বুধবার রাতেই তাকে ঢাকা নেওয়ার জন্য পরমার্শ দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজন তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে রোগের বর্ণনা শুনে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ আটক করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।
