বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৬:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ার শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস্ কর্মীসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ঘোগা বটতলা বিধজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন উভয় মোটরসাইকেলের আরও তিন আরোহী। তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. বাবু মিয়া (৩০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের প্রয়াত মজিবর রহমানের ছেলে। আরেকজন অজ্ঞাতনামা (২৯)।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, নিহত দুইজনই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথে বিপরীতমুখি আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনায় উভয় মোটরসাইকেলে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথেই দুইজন মারা যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমানও এই তথ্য নিশ্চিত করেছেন।
