ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

রাঙামাটিতে গুলি করে ইউপি সদস্যকে খুন

রাঙামাটিতে গুলি করে ইউপি সদস্যকে খুন
×

হেমন্ত চাকমা

রাঙামাটি অফিস ও জুরাছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৬:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাঙামাটির জুরাছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খুন হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকের এ ঘটনায় নিহত হেমন্ত চাকমা (২৭) উপজেলার বনযোগী ইউনিনয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের টিএন্ডটি এলাকার ধামাই পাড়ায় বন্ধু আনন্দ চাকমার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন হেমন্ত। রাত ১১টার দিকে ২ থেকে ৩ জনের একটি সশস্ত্র দল ওই বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে হেমন্ত চাকমার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা এলাকা
ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাতেই জুরাছড়ি থানায় নিয়ে যায়। শনিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় একটি সুত্র জানায়, নিহত ইউপি সদস্য হেমন্ত চাকমা আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সক্রিয় সদস্য ছিলেন। তবে দীর্ঘ কয়েক বছর আগে তিনি ইউপিডিএফ থেকে পদত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং ২০১৬ সালে ইউপি নির্বাচনে বনযোগী ছড়া ইউনিয়ন থেকে ২নং ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত হন।

এর আগে নিহত হেমন্ত চাকমার বড় ভাই রাজু চাকমাকেও ২০১০ সালের দিকে একই উপজেলায় বড়ইতলী সড়ক এলাকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের গুলিতে এক ইউপি মেম্বার নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে তা এখনো জানা না গেলেও ঘটনাটির ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে।

আরও পড়ুন

×