ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে জনসমাবেশে ৯৬ বছরের ভাষাসৈনিক

প্রধানমন্ত্রীকে দেখতে জনসমাবেশে ৯৬ বছরের ভাষাসৈনিক
×

মজিবুর রহমান মাস্টার (৯৬)

রংপুর অফিস

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ০৮:০৯ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১১:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখতে হুইল চেয়ারে করে বদরগঞ্জ থেকে রংপুরে এসেছেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার (৯৬)। 

মজিবুর রহমান বলেন, 'শেখ হাসিনাকে একনজর দেখতেই আমি জনসমাবেশে এসেছি। প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমি এসেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোন কষ্ট নেই। আমি সবাইকে বলবো-স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার বার বার দরকার।'  

এদিকে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে পৌঁছেছেন। বুধবার দুপুর ১টা ১৩ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর সেনানিবাস হ্যালিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে সার্কিট হাউসে যান তিনি। সেখানে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৩টা ৫ মিনিটে জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সাড়ে ৪ বছর পর প্রধানমন্ত্রীর রংপুরের জনসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে তল্লাশি করে মাঠে ঢুকতে দেওয়া হবে। কড়া নজরদারিতে রয়েছে এসএসএফ। এছাড়া মঞ্চের পেছনে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। পুরো নগরীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় বিকেল ৩টা ৫ মিনিটে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর এবার তিনি রংপুরে আসলেন।

এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

×