ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

মুসাদের সাফল্য আনন্দ থেকেও প্রেরণার

মুসাদের সাফল্য আনন্দ থেকেও প্রেরণার
×

গোল্ডকাপ ফুটবল-২০২৬ টুর্নামেন্টে বিজয়ী দল

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা  

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু মুসা। শারীরিক অসুস্থতায় তার বাবা হাবিব হাওলাদার অনেক বছর ধরে কর্মহীন। পাঁচ ভাইবোনসহ সাতজনের সংসারের একমাত্র ভরসা সাব্বির, তিনি ভ্যানগাড়ি চালান। এ রকম একটি অভাবের সংসারে এখন খুশির জোয়ার। পরিবারের ছোট সন্তান মুসা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করেছে। কথা বলেছে। তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ করে গ্রামে ফিরেছে।

মুসার মতো এমন আনন্দ দাড়িয়াল গ্রামের আরও ১৬ শিশুর পরিবারে। কারওর বাবা অটোরিকশাচালক কিংবা ভ্যানচালক। আবার কারওর বাবা গ্রামের বাজারের চায়ের দোকানি। তবে দারিদ্র্য ছাপিয়ে সব শিশুর পরিবারেই এখন অন্যরকম আনন্দ।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল-২০২৬ টুর্নামেন্টে বালক বিভাগে সারাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ট্রফি নিয়েছে তারা।
দরিদ্র পরিবারের সন্তান হয়েও ফুটবল খেলা সম্পর্কে জানতে চাইলে মুসার জবাব, ‘শুনেছি ভালো খেললে সব জায়গায় সুযোগ-সুবিধা পাওয়া যায়। তাই ফুটবল খেলতে পরিবারের মানা নেই’।
চারদিকে নদী। অনেকটা দ্বীপের মতো দাড়িয়াল ইউনিয়ন। উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার এবং বরিশাল নগরী থেকে ১৭ কিলোমিটার দূরের এ ইউনিয়নে পৌঁছাতে দুটি নদী খেয়ায় করে পাড়ি দিতে হয়। রাঙামটি নদীর কাটাদিয়া খেয়াপাড় হয়ে দুই কিলোমিটার সড়ক এগোলেই একই কম্পাউন্ডের মধ্যে দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয় ও দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৪০ সালে। 

প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্টে ২০২২ সালে প্রথমবার অংশগ্রহণ করেই বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বিদ্যালয়টি। জাতীয় পর্যায়ে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের কাছে হারে। এরপর থেকে তারা সেরা হওয়ার প্রস্তুতি নিতে থাকে। যার সাফল্য এসেছে চার বছর পর ২০২৬ সালে। 
এ সাফল্যে প্রত্যক্ষ ভূমিকায় ছিলেন দলের কোচ স্থানীয় যুবক ইমরান খান। তিনি এ বিদ্যালয়ের সাবেক ছাত্র। ইমরান জানান, তিনি ২০২১ সালের নভেম্বরে কোচিংয়ের দায়িত্ব নেন। পরের বছরই টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়। বিনা পারিশ্রমিকে কোচিং করিয়ে ৪ বছর পর চূড়ান্ত সাফল্য পেলেন।
যারা দলটির পৃষ্ঠপোষকতা করছেন তাদের মধ্যে রয়েছেন বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা গিয়াস উদ্দিন আমিন। শারীরিকভাবে অনেকটা অসুস্থ এই ব্যক্তি বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়ান। ২০২২ সালের পর থেকে তিনিই ফুটবল দলটিকে আর্থিক সহায়তা ও মানসিক সাহস দিয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বলে জানান প্রধান শিক্ষক পিযুস কান্তি দাস। দলের ফাইনাল ম্যাচ দেখতে রাজধানীতে গিয়েছিলেন গিয়াস উদ্দিন। 
তবে বিজয়ের এক মাস পরও শিশুরা কোনো সংবর্ধনা পেল না। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু বলেন, পদাধিকার বলে সংস্থার সভাপতি হলেন জেলা প্রশাসক। তার বদলি এবং প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কারণে প্রশাসনের সবাই ব্যস্ত থাকায় এ আয়োজনটা হয়নি। এ নিয়ে শিগগিরিই নতুন জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করবেন।
বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মু. জাহিদুল কবীর তুহিন বলেন, দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিশুর মধ্যে ভবিষ্যতে কেউ জাতীয় পর্যায়ের খেলোয়াড় হতে পারবে বলে তিনি আশাবাদী।  
 

আরও পড়ুন

×