ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

পুকুরে ডুবে ভাইবোনসহ পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

পুকুরে ডুবে ভাইবোনসহ পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু
×

বগুড়া ব্যুরো ও মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

পুকুরের পানিতে ডুবে গতকাল মঙ্গলবার পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে বগুড়ার কাহালুতে দুই ভাইবোনসহ ৩ শিশু এবং মাগুরার মহম্মদপুরে দুই চাচাতো বোন। 
গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছ গ্রামের পুকুরে পড়ে মারা যায় তিন শিশু। তারা হলো– ওই গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া (৫) এবং আসাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

জানা যায়, ওই তিন শিশু সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। দুপুর ১টার দিকে এক নারী জাকিরুলকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুলকে মৃত ঘোষণা করেন।
এ সময় গ্রামের মিন্টু প্রামাণিক পুকুরে নেমে খোঁজাখুঁজি করে ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সুরাইয়াকে না পেয়ে কাহালু ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা গিয়ে পুকুর থেকে শিশুটির মরদেহ তুলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে তিন শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
মাগুরার মহম্মদপুরে বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু চাচাতো বোন। এক পর্যায়ে পাশের পুকুরের পানিতে ডুবে তারা মারা যায়। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মৌশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো, আমিনুর রহমানের দুই বছরের কন্যা রাইসা এবং তাঁর আপন ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছরের কন্যা রাফিয়া। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সকালে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় খেলা করছিল। কোনো এক সময় তারা বাড়ির পাশের পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। ডা. সাকিব কাওসার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটি মারা যায়। 
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ওই বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।

আরও পড়ুন

×