মাশরাফির উদ্যোগে হাসপাতাল গেটে জীবাণুনাশক কক্ষ
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজার উদ্যোগে নড়াইল সদর হাসপাতালের প্রধান গেটে স্বয়ংক্রিয় জীবাণুনাশক কক্ষ চালু করা হয়েছে- সমকাল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৮:৩০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নড়াইল সদর হাসপাতালের প্রধান গেটে স্বয়ংক্রিয় জীবাণুনাশক কক্ষ চালু করা হয়েছে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার উদ্যোগে শুক্রবার বিকেলে এ জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু প্রমুখ। এটি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পরিচালিত হবে।
জানা গেছে, হাসপাতালে ঢোকার সময় এ কক্ষের মধ্য দিয়ে প্রবেশ করলে শরীরে স্বয়ংক্রিয়ভাবে বাষ্প আকারে জীবাণুনাশক স্প্রে হবে। এটি জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি। এর মাধ্যমে চিকিৎসক, নার্স, রোগী, সাংবাদিক, অ্যাম্বুলেন্স চালক এবং হাসপাতালে প্রবেশ ও প্রস্থানকারীরা উপকার পাবেন।
এ ছাড়া শিগগিরই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এবং পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য একটি জীবাণুনাশক কক্ষ স্থাপন করবেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা।
