ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

আড়াইহাজারে আউশ চাষে প্রণোদনা পেলেন ১৮শ কৃষক

আড়াইহাজারে আউশ চাষে প্রণোদনা পেলেন ১৮শ কৃষক
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০০:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আউশ চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণোদনা প্যাকেজ খরিপ-১ এর আওতায় ২০২০-২১ মৌসুমে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক প্রণোদনা হিসেবে এক হাজার ৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণ করেছে। প্রত্যেককে কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফশী বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

শনিবার উপজেলা পরিষদ চত্ত্বরে সামাজিক দুরত্ব নিশ্চিত করে আউশ চাষে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবদুল কাদির, কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেন, অতিরিক্ত  কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আকতার প্রমুখ।

কৃষকদের বাড়িতে আউস প্রণোদনা পৌঁছে দেয়া হচ্ছে জানিয়ে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৯৬ সালে আ’লীগ সরকার গঠন করার পর ২০০০ সালে এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। ২০০১ সালে ক্ষমতা হস্তান্তরের সময় দেশে খাদ্য উদ্বৃত্ত ছিলো। কিন্তু পরবর্তী সরকারের আমালে দেশে আবার খাদ্য ঘাটতি দেখা দেয়। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর  থেকে আমরা বিদেশে চাল রপ্তানি শুরু করেছি। এছাড়াও  গম উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর জন্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

আরও পড়ুন

×