কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
মরক্কোর গোল উদযাপন। ছবি: এপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০১:১১ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ০১:২৭
ম্যাচের শুরুতে মরক্কো শিবিরে ধাক্কা লাগে। ২২ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দলটির আক্রমণের সেরা ভরসা ইসমাইল সাইবারি। ওই ধাক্কা সামলে কানাডার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আফ্রিকার দল মরক্কো। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
শনিবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে শুরু হওয়া ম্যাচে বলের দখল, আক্রমণে শুরু থেকে মরক্কোর সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে কানাডা। বিশ্বকাপে প্রথমবার গ্রুপ ম্যাচ জয়ের পর নকআউট পর্বে এসে ইতিহাস গড়েছিল তারা। শেষ ষোলোর ম্যাচ খেলা ছিল বাড়তি পাওনা। ওই লড়াইয়ে প্রথমার্ধে গোল শূন্য সমতা রাখে বিশ্বকাপের স্বাগতিক দেশটি।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে লিড তুলে নেয় কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলে চমক দেওয়া মরক্কো। ম্যাচের ৫০ মিনিটে গোল করেন জিরোনায় খেলা মরক্কোর ২৬ বছর বয়সী মিডফিল্ডার আজ্জেদিন ওউনাহি। সেট পিস থেকে বক্সের বাইরে ফাঁকা দাঁড়িয়ে থাকা ওউনাহিকে বল পাঠান আশরাফ হাকিমি। মাটি কামড়ে জোরের ওপর তার নেওয়া ওই শট চলে যায় কানাডার জালে।
গোল খেয়ে সমতার চেষ্টা চালিয়ে যাওয়া কানাডার জালে মরক্কো দ্বিতীয় গোলটি দেয় ৮২ মিনিটে। কানাডা গোল হজম করার পর মরক্কো তাদের পছন্দের কাউন্টার অ্যাটাকে ওঠার সুযোগ পেতে থাকে। গোলের সুযোগও তৈরি করতে থাকে। ওই সুযোগ নিয়ে রিয়াল মাদ্রিদে খেলা ব্রাহিম দিয়াজের পাস ধরে ওউনাহি দলের ও নিজের দ্বিতীয় গোলটি করে কানাডার কামব্যাকের স্বপ্ন একপ্রকার শেষ করে দেন।
মরক্কোর হয়ে তৃতীয় গোলটি করেন স্ট্রাইকার সুফিয়ান রাহিমি। সাইবারির ইনজুরিতে মাঠে নেমে রাহিমি বেশ কয়েকটি সুযোগ পেয়ে গোল হওয়ার মতো শট নিতে পারেননি। কিন্তু শেষ বাঁশির ঠিক আগে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মরক্কোর নাম্বার নাইন। তাকে গোল করান স্পেনের জার্সিতে চার ম্যাচ খেলার পর পিতৃভূমি মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া দলটির নাম্বার দেন দিয়াজ।
রাতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে লাতিনের দল প্যারাগুয়ে। ওই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
