ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বড় ইনজুরি ধাক্কা নিয়ে নামছে ফ্রান্স 

বড় ইনজুরি ধাক্কা নিয়ে নামছে ফ্রান্স 
×

এক ফ্রেমে ফ্রান্সের চার ফুটবলার। ছবি: আইকনস স্পোর্টস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২১:৫৬ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ২২:০০

কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ (শনিবার দিবাগত) রাত ৩টায় ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। নকআউট পর্বের প্রথম ম্যাচে জার্মানিকে হারানো লাতিন দলটির ম্যাচের আগে বড় ইনজুরি ধাক্কা খেয়েছে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। 

ইনজুরিতে পড়েছেন দিদিয়ের দেশমের কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি। ফ্রান্সের ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম লেকিপ জানিয়েছে, প্যারাগুয়ের বিপক্ষে চুঁয়ামেনির খেলার সম্ভবনা একেবারেই কম। 

শুক্রবার দলীয় অনুশীলনের সময় ঊরুর মাংসপেশিতে ব্যথা পেয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার চুয়ামেনি। লেকিপ জানিয়েছে, শুরুতে মনে করা হয়েছিল, তার ইনজুরি গুরুতর নয়। তবে প্রত্যাশার চেয়ে বেশি ব্যথা অনুভব করছেন তিনি। যে কারণে শেষ আটে যাওয়ার ম্যাচে ফ্রান্স তাকে মিস করতে যাচ্ছে। 

ফ্রান্স দলে অবশ্য চুয়ামেনির জায়গা পূরণ করতে পারার মতো দুই ফুটবলার আছেন। একজন রাশিয়া ও কাতার বিশ্বকাপের দলে থাকা এনগোলে কান্তে। অন্যজন রোমায় খেলা ২৫ বছর বয়সী মিডফিল্ডার মানু কোনে। তিনি এরই মধ্যে গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে ম্যাচে খেলেছেন। 

প্যারাগুয়ের বিপক্ষে জিতলে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কো ও কানাডা ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। চুয়ামেনিকে ওই ম্যাচে পাওয়ার প্রত্যাশা করছে ফ্রান্সের টিম ম্যানেজমেন্ট। তবে তার ওই ম্যাচও মিস করার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের সংবাদ মাধ্যম। 

আরও পড়ুন

×